Facebook Twitter Instagram YouTube

করিমগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ /
করিমগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আপন চাচা ও ভাতিজার করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা ও ভাতিজা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যান। ওই সময় হালকা বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

এলাকাবাসী জানান, নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh