
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম (12 September 2026, 05:44 PM)
বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টনসংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল গঠন করেছে। এই দল গঠনের বিষয়টি খুব শিগগিরই দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে ঢাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী জেলার কলিমহড় গ্রামে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মতবিনিময়কালে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উজানের নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের নিজস্ব পানি সম্পদের সুষ্ঠু ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, ৫৪টি নদীর মাধ্যমে আন্তর্জাতিক পানি প্রবাহের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বর্তমান সরকারের মূল নীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। সরকার সম্পূর্ণ ন্যায়ের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা ও প্রতিষ্ঠা করতে চায়।
নদীতে পর্যাপ্ত পানি প্রবাহের প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন, নদীতে প্রয়োজনীয় পানি থাকলে দেশের কৃষি ও মৎস্য উৎপাদন সঠিকভাবে বজায় রাখা সম্ভব। এ কারণেই বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের অঙ্গীকার করেছে। এরই অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যারেজের মাধ্যমে শুধু পানির বিশাল আধারই তৈরি করা হবে না, পাশাপাশি সেখানে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে।
আপনার মতামত লিখুন :