Facebook Twitter Instagram YouTube

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

নয়াদিল্লিতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এই আয়োজনকে ঘিরে ভারতের রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা এবং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে, যেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও রাজধানীর সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও এবারের শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হয়ে উঠতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din