Facebook Twitter Instagram YouTube

বিমানবন্দরে মারধরের মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ / ০
বিমানবন্দরে মারধরের মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের মারধর ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শুক্রবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি প্রদান এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধর করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার আদালতে তোলার সময় প্রিজন ভ্যান থেকেই উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন এই জামায়াত নেতা। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ এ সময় প্রিজন ভ্যানের ভেতর থাকা এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে তাঁর ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আখতারুজ্জামানকে।

পরবর্তীতে প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দিয়ে তিনি চিৎকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’

আদালতের শুনানির পর্যায়ও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আখতারুজ্জামান। এই মামলাটিকে সম্পূর্ণ ষড়যন্ত্র হিসেবে দাবি করে তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin