Facebook Twitter Instagram YouTube

কবি আবু জুবায়েরের মৃত্যুর গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নিল প্রতারক


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ / ০
কবি আবু জুবায়েরের মৃত্যুর গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নিল প্রতারক

কবি ও কলামিস্ট আবু জুবায়েরের নাম ও পরিচয় ব্যবহার করে তার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিয়েছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ নভেম্বর রাত ৯টা ২৭ মিনিটে ০১৬০৩-২৯৫৮০৯ নম্বর থেকে এক ভুক্তভোগী আত্মীয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ফোন করা হয়। ফোনকারী নিজেকে আবু জুবায়েরের বাবা আবু সালেহ হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন যে, আবু জুবায়ের ইমন মোটরবাইক দুর্ঘটনায় মারা গেছেন এবং তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ভাড়ার প্রয়োজন বলে জানানো হয়।

এই মিথ্যা সংবাদে বিশ্বাস করে ভুক্তভোগী আত্মীয় বিকাশের মাধ্যমে তিনটি পৃথক লেনদেনে সর্বমোট ২৫ হাজার ৪৯০ টাকা পাঠান। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকাশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং তা নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক ফোনকল ও মিথ্যা মৃত্যুসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin