Facebook Twitter Instagram YouTube

জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সোমবার থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ / ০
জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সোমবার থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ

সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে এই পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রথম বৈঠকের মধ্য দিয়ে এই ধারাবাহিক সংলাপের সূচনা হতে পারে।

ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে এই সংলাপ আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা শুরু করেছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সংলাপ শুরুর প্রক্রিয়ার মধ্যেই যুক্তরাজ্য সফর শেষ করে আজ রোববার সন্ধ্যায় দেশে ফিরছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি গত ১৩ নভেম্বর লন্ডন সফরে গিয়েছিলেন। অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন এবং সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা থাকলেও এর আগেই দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার নানা ঘটনা ঘটেছে। এসব নাশকতায় পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়, গণপরিবহন এবং বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে আখ্যা দেন। সে সময় তিনি ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানো এবং এই অপশক্তিকে প্রতিহত করতে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh