Facebook Twitter Instagram YouTube

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ / ০
গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটিতে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে তিনটি প্রাণহানি ঘটেছে বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে চালানো ড্রোন হামলায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল। পথিমধ্যে শিশুদের খাবার দেওয়ার প্রস্তুতিকালে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাড়িটিতে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় মানুষদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। তিনি বলেন, গাড়িটি শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যারা মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, তারাও এখন হামলার লক্ষ্যবস্তু।

একই দিনে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হয়েছেন, যাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাদের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor