Facebook Twitter Instagram YouTube

লালমোহনে পোল্ট্রি শিল্পে সংকট, সরকারি সহায়তার অপেক্ষায় খামারিরা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ / ০
লালমোহনে পোল্ট্রি শিল্পে সংকট, সরকারি সহায়তার অপেক্ষায় খামারিরা

ভোলার লালমোহন উপজেলার পোল্ট্রি শিল্পে ভোর হওয়ার আগেই শুরু হয় কর্মব্যস্ততা। খামারে মুরগিকে খাবার দেওয়া, ডিম সংগ্রহ এবং পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন খামারিরা। এই শিল্পটি অনেকের কাছে জীবিকার অবলম্বন এবং স্বাবলম্বী হওয়ার মাধ্যম হলেও বর্তমানে নানা সংকটে জর্জরিত। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে ডিম ও মাংস সরবরাহ করা হলেও, মুরগির খাদ্যের দাম বৃদ্ধি, রোগবালাই, ওষুধের অতিরিক্ত খরচ এবং ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় খামারিরা লোকসানের মুখে পড়েছেন।

রমাগঞ্জ ইউনিয়নের খামারি হাজী আব্দুল মালেক প্রায় ২০ একর জমিতে ১৫ হাজার লেয়ার মুরগির খামার গড়ে তুলেছেন। তার খামারে ১০ জন শ্রমিক কাজ করেন এবং প্রতিদিন ৮ থেকে ১০ হাজার ডিম উৎপাদিত হয়। হাজী আব্দুল মালেক জানান, মুরগির খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। এছাড়া রোগবালাই থেকে মুরগিকে বাঁচাতে নিয়মিত ওষুধের পেছনেও ব্যয় বাড়ছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের কোনো চিকিৎসকের কাছ থেকে খামার পরিচালনা বা রোগবালাই বিষয়ে কোনো পরামর্শ পাননি। তারা সরেজমিনেও খামার পরিদর্শন করেন না। তিনি খামারিদের জন্য বিনা সুদে ঋণ এবং নিয়মিত চিকিৎসা ও কারিগরি পরামর্শের দাবি জানিয়েছেন।

একই ধরনের অভিযোগ করেছেন মো. খায়রুল হাসান কাঞ্চন, মো. হেলাল উদ্দিন মোল্লা, হাজী আবু তাহের, মো. ফরিদ উদ্দিন, মো. আহমদ উল্যাহ, মো. জাকির মাতাব্বর, মো. হুমায়ুন কবির ও মো. সেলিমসহ আরও অনেকে। তারা জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামারে মুরগি মারা যাচ্ছে, কিন্তু প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই খামারিরা মনে করেন, পোল্ট্রি শিল্পের প্রসারে সহজ শর্তে ও বিনা সুদে ঋণ, নিয়মিত খামার পরিদর্শন এবং কারিগরি পরামর্শ নিশ্চিত করা জরুরি। স্থানীয় সচেতন মহলও মনে করে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প স্থানীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ খামারিদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, জনবল সংকটের কারণে খামারিদের নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে জনবল সংকট কেটে গেলে প্রতিটি খামারির কাছে গিয়ে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সুযোগ-সুবিধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh