
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালের ১৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপসাগরের ট্রেজার আইল্যান্ড সামরিক ঘাঁটি থেকে টহলে বের হয় মার্কিন নৌবাহিনীর একটি ব্লিম্প। হিলিয়াম গ্যাসে ভরা বেলুনসদৃশ এই আকাশযানটির নাম ছিল এল-৮। শত্রুপক্ষ জাপানের সাবমেরিন ধ্বংসের জন্য এতে গভীর সমুদ্রে নিক্ষেপযোগ্য একাধিক বোমা রাখা ছিল। আকাশযানটি পরিচালনার দায়িত্বে ছিলেন নৌবাহিনীর দুই দক্ষ কর্মকর্তা—২৭ বছর বয়সী লেফটেন্যান্ট আর্নেস্ট ডিউইট কোডি এবং ৩৮ বছর বয়সী এনসাইন চার্লস এলিস অ্যাডামস। নিয়মিত টহল শেষে নির্ধারিত সময়েই ঘাঁটিতে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু সেদিন আকাশে ওড়ার পর সেই যাত্রা এক ঐতিহাসিক ও অমীমাংসিত রহস্যে রূপ নেয়।
উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৭টা ৫০ মিনিটে ব্লিম্পটি থেকে শেষ বেতারবার্তা পাঠানো হয়। চালকেরা জানান, সমুদ্রের পানির ওপর তারা তেলের একটি অস্বাভাবিক আস্তরণ দেখতে পেয়েছেন, যা শত্রুপক্ষের সাবমেরিনের উপস্থিতির ইঙ্গিত হতে পারে। বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছিলেন তাঁরা। এরপর বিভিন্ন জাহাজের নাবিকেরা আকাশযানটিকে পানির ওপর চক্কর দিতে এবং চিহ্নিতকরণের জন্য দুটি ধোঁয়ার সংকেত ফেলতে দেখেন। একটি যাত্রীবাহী বিমানের পাইলট এবং সামরিক অনুসন্ধানী বিমানও সেটিকে আকাশযানটির স্বাভাবিক ক্ষমতার প্রায় দ্বিগুণ—প্রায় দুই হাজার ফুট উচ্চতায় উড়তে দেখেছিল। কিন্তু ওই শেষ বেতারবার্তার পর কন্ট্রোল রুমের সঙ্গে আকাশযানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘাঁটিতে ফেরার সময় পার হয়ে গেলেও কোনো বার্তা না পেয়ে উদ্বেগ বাড়ে। এর মধ্যেই বেলা প্রায় ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার ডেলি সিটির কাছে সমুদ্রসৈকতে ভেসে নেমে আসে বিশাল এই এল-৮ ব্লিম্প। কৌতূহলী ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গ্যাসভর্তি আবরণটি আটকে রাখার চেষ্টা করেন। ভেতরে থাকা চালকদের উদ্ধারের জন্য সবাই এগিয়ে গেলেও কাছে গিয়ে দেখা যায়, ঝুলে থাকা গন্ডোলা বা নিয়ন্ত্রণকক্ষটি একেবারেই খালি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়। নিয়ন্ত্রণকক্ষের দরজা খোলা থাকলেও ভেতরে কোনো অগ্নিসংযোগ বা সংঘর্ষের আলামত ছিল না। বেতারযন্ত্রটি সচল পাওয়া যায়, আর প্যারাস্যুট এবং জরুরি লাইফ র্যাফট দুটিও যথাস্থানেই রক্ষিত ছিল। কেবল নিখোঁজ ছিল দুই কর্মকর্তার গায়ে থাকার কথা যেসব লাইফজ্যাকেট, সেগুলো।
সৈকতে সাময়িক ধাক্কা খাওয়ার পর চালকহীন ব্লিম্পটি আবার বাতাসের তোড়ে ভেসে ডেলি সিটির আবাসিক এলাকার দিকে চলে যায়। হিলিয়াম গ্যাস ধীরে ধীরে বেরিয়ে যাওয়ায় আকৃতি বিকৃত হয়ে পড়ে থাকা আকাশযানটি একে একে বিভিন্ন বাড়ির ছাদ এবং বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে একটি সড়কে আছড়ে পড়ে। আকাশযানটি থেকে খসে পড়া একটি গভীর সমুদ্রের বোমা পরে পাশের এক গলফ মাঠে উদ্ধার করা হয়। এ সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে নানামুখী অমিল দেখা যায়। কেউ দাবি করেছিলেন তারা দূরবীন দিয়ে ভেতরে তিনজনকে দেখেছেন, আবার কেউ কেউ প্যারাস্যুটে করে মানুষকে নিচে নামতে দেখেছেন বলে দাবি করেন। তবে নৌবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েও সান ফ্রান্সিসকো উপকূলে কোনো দেহ বা পরনের লাইফজ্যাকেটের হদিস পায়নি।
ঘটনাটি জানাজানি হতেই নানা অনুমানের জন্ম হয়। জাপানি সাবমেরিন নাবিকদের অপহরণ, সমুদ্রে থাকা কোনো জাহাজে উদ্ধার হওয়া, আকাশযানে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীর হাতে খুন, চালকদের নিজস্ব বিরোধ কিংবা ভিনগ্রহের প্রাণীর অপহরণ তত্ত্ব পর্যন্ত আলোচনায় আসে। তবে নৌবাহিনীর তদন্তকারীরা তুলনামূলক সাধারণ একটি সম্ভাব্য কারণ তুলে ধরেছিলেন। তাঁদের ধারণা ছিল, তেলের আস্তরণ দেখতে গিয়ে বা যন্ত্র পরীক্ষা করতে গিয়ে একজন কর্মকর্তা অসাবধানতাবশত সাগরে পড়ে গিয়ে থাকতে পারেন এবং তাঁকে বাঁচাতে গিয়ে অপরজনও লাইফজ্যাকেট পরে লাফিয়ে পড়েন। তবে বিমান চলাচল ইতিহাসবিদ ড্যান গ্রসম্যান এ ব্যাখ্যার বিরোধিতা করে বলেন, নৌবাহিনীর কঠোর শিক্ষা ও 'ডোন্ট গিভ আপ দ্য শিপ' মূলমন্ত্রের কারণে একজন পড়ে গেলে অন্য কর্মকর্তা অবশ্যই বেতারবার্তায় সহায়তা চাইতেন, জাহাজ ছেড়ে লাফ দিতেন না।
নিখোঁজ দুই নৌ কর্মকর্তারই চমৎকার চাকরির রেকর্ড ছিল। মিশিগানে জন্ম নেওয়া ও ১৯৩৮ সালে নেভাল একাডেমি থেকে পাস করা লেফটেন্যান্ট কোডি মাত্র কয়েক মাস আগেই টোকিওতে বোমাহামলার জন্য রণতরি ইউএসএস হর্নেটে এল-৮ পরিচালনা করে সরঞ্জাম পৌঁছে দিয়ে সামরিক দক্ষতা দেখিয়েছিলেন। চলন্ত রণতরির ওপর আকাশযানটি স্থির রেখে প্রায় ৩০০ পাউন্ড সরঞ্জাম নিচে নামিয়েছিলেন তিনি। অন্যদিকে চার্লস অ্যাডামসের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রায় ২০ বছরের, যিনি জার্মানির বিখ্যাত হিনডেনবার্গ দুর্ঘটনায় যাত্রী উদ্ধারে অবদানের জন্য পুরস্কৃত হয়েছিলেন। বিশেষ বিষয় হলো, ১৬ আগস্ট অভিযানের ঠিক আগের দিনই তিনি কমিশন পেয়ে এনসাইন হয়েছিলেন। কোডির অভিজ্ঞতা ছিল ৭৫৬ ঘণ্টা, আর অ্যাডামসের ২ হাজার ২৮১ ঘণ্টা। দীর্ঘ অপেক্ষার পর ১৯৪৩ সালে এই দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে নৌবাহিনী।
দুর্ঘটনার পর উদ্ধার করা এল-৮ ব্লিম্পটিকে মেরামত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাকি সময় মার্কিন নৌবাহিনী নিয়মিত কাজে লাগায়। যুদ্ধ শেষে Goodyear কোম্পানির কাছে এটি ফিরিয়ে দেওয়া হলে প্রতিষ্ঠানটি এর গন্ডোলাটি ‘আমেরিকা’ নামের নতুন এক ব্লিম্পে যুক্ত করে। ১৯৮২ সালে সেটি অবসরে যাওয়ার পর ঐতিহাসিক গন্ডোলাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলায় অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব নেভাল এভিয়েশনে সংরক্ষণের জন্য পাঠানো হয়, যা বর্তমানেও সেখানে প্রদর্শিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ন্যাশনাল মিউজিয়াম অব নেভাল এভিয়েশন এবং স্মিথসোনিয়ান সাময়িকীর তথ্যের ভিত্তিতে তৈরি এই ভুতুড়ে উড্ডয়নের রহস্য আট দশকেরও বেশি সময় পার হলেও আজও উন্মোচিত হয়নি।
তবে বয়স ও অভিজ্ঞতায় তাঁদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল।কোডির জন্ম ১৯১৪ সালের ২২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মেইভিলে।
১৯৪১ সালের ডিসেম্বরে তিনি নৌবাহিনীর আকাশযানের পাইলট হিসেবে স্বীকৃতি পান।মাত্র ২৭ বছর বয়সে এল-৮-এর দায়িত্ব পান কোডি।
আপনার মতামত লিখুন :