
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সভায় উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ সম্পর্কিত দুটি প্রকল্পকে সবচেয়ে বড় বরাদ্দের প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে এই দুটি প্রকল্পে মোট ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি স্থাপন এবং বিদ্যুৎ লাইন সংস্কারের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প দুটির অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার পাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার উন্নয়নে চার হাজার ৬০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এতে সরকারের অবদান ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা। ২০৩৩ সাল নাগাদ এই এলাকায় বিদ্যুতের চাহিদা ৯ হাজার ৭৬০ এমভিএ-তে উন্নীত হবে, যা বর্তমানে ছয় হাজার ৯৩০ এমভিএ। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে মোট এক হাজার ২৯৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ এক হাজার ২৮২ কোটি টাকা, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন এক হাজার ২০৭ কোটি টাকা। ২০৩১ সাল নাগাদ এই অঞ্চলে সাত হাজার ৩৭০ এমভিএ চাহিদার বিপরীতে বিদ্যমান ঘাটতি মেটাতে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিতরণ লাইন উন্নয়ন করা হবে। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা এবং ফল্ট লোকেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এই দুই প্রকল্পের মাধ্যমে ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫.১ শতাংশ থেকে ৪.৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০.৩৫ শতাংশ থেকে ৮.৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আজকের একনেক সভায় বিদ্যুৎ খাতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের প্রকল্পগুলোও উপস্থাপিত হবে। এছাড়াও পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরো সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে এক হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরো ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে এক হাজার ২৯৫ এমভিএ।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে সাত হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে সক্ষমতা রয়েছে পাঁচ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি দুই হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবেলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এক হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আপনার মতামত লিখুন :