Facebook Twitter Instagram YouTube

গাজায় সন্তান জন্মদান বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ / ০
গাজায় সন্তান জন্মদান বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে, গাজায় সন্তান জন্মদান ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইসরাইল। একই সঙ্গে সংস্থাটির মহাসচিব আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানরত অবস্থায় অনেক নারী ও কিশোরী ইসরাইলি হামলায় হতাহত হয়েছেন। বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা অতিবাহিত করেছেন অথবা নবজাতক শিশুর যত্ন নিয়েছেন। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা প্রাপ্তিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রসবকালীন রক্তক্ষরণ রোধে প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও উপকরণের অভাবে অনেকের প্রাণহানি ঘটেছে।

অ্যামনেস্টির মতে, মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুর হার বাড়ছে। সংস্থাটি জানায়, যুদ্ধ শুরুর আগে গাজায় অন্তত নয়টি আইভিএফ বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের ক্লিনিক ছিল, কিন্তু বর্তমানে একটিতেও এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া সংরক্ষিত হাজার হাজার ভ্রুণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনটি তৈরির জন্য অ্যামনেস্টি ২২৮টি সাক্ষাৎকার নিয়েছে। এর মধ্যে দুজন প্যারামেডিক গাজার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর কাছে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর গুলির ঘটনার বর্ণনা দিয়েছেন। এ ছাড়া ২০২৫ সালে ইনকিউবেটরে থাকা এক নবজাতকের সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বাধাগ্রস্ত করা গণহত্যার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ক্যালামার্ড আইসিসির কাছে দাবি জানিয়েছেন যেন তাদের তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তুলে জানায়, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করেছে এবং ৩৫টি হাসপাতাল চালু রয়েছে। তবে অ্যামনেস্টি জানিয়েছে, হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো—ইসরাইলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ তারা পায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে জীবিত শিশুর জন্মের হার ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যও একই প্রবণতার ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin