
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধন অটুট থাকবে, যদিও দুই দেশের সম্পর্কে সাময়িক মেঘ বা ঝড় আসতে পারে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এম জে আকবর উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ—দুই দেশই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশেষ করে বাংলা ভাষার শক্তি ও সাংস্কৃতিক পরিচয় বাংলাদেশকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন থাকাটা স্বাভাবিক। তবে যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে শুধু কী করা সম্ভব তা নিয়ে ভাবলেই হবে না, বরং কেন কোনো কিছু অসম্ভব নয়—সেই প্রশ্নও করা জরুরি। তার মতে, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমেই নতুন সম্ভাবনার পথ তৈরি হতে পারে।
সার্বভৌমত্বের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো দেশের সার্বভৌমত্বকে যথাযথ সম্মান না করলে বিশ্ব পরিস্থিতি আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতির যুদ্ধ ও সংঘাত প্রসঙ্গে এম জে আকবর বলেন, কোনো যুদ্ধকে অবৈধ বলার আগে তার উৎস ও পটভূমি বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি বিংশ শতাব্দীকে তিনটি বিশ্বযুদ্ধের সময় হিসেবে উল্লেখ করেন এবং ঠান্ডা যুদ্ধকেও এক ধরনের বিশ্বযুদ্ধ হিসেবে দেখার পরামর্শ দেন। তার ভাষ্যমতে, ঠান্ডা যুদ্ধ ইউরোপের জন্য সীমাবদ্ধ মনে হলেও দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব ছিল বেশ প্রকট।
একবিংশ শতাব্দীর যুদ্ধের ধরন সম্পর্কে তিনি বলেন, বর্তমান সময়ের সংঘাতকে একক কোনো বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায় না। বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে সংঘাত শুরু হয় এবং থেমে যায়, তবে তা পুরোপুরি শেষ হয় না। পরাশক্তি ও সাম্রাজ্যগুলোর মধ্যে বিশ্ব নিয়ন্ত্রণের প্রতিযোগিতাই এসব সংঘাতের মূল কারণ হিসেবে কাজ করে বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :