
নিজেদের বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের একটি বিচ্ছিন্ন গোষ্ঠীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে আর কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের জনগণও তাদের তা দেবে না। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, ইতিহাসের বিচারে বিশ্বজুড়ে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি যেভাবে রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পাবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা সংক্রান্ত আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা দেখা গেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠিয়েছে এবং ওই দেশও বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা সরকারকে জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে তৈরি হওয়া চর্চা প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার করা হবে— কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। তবে এসব সামাজিক বা রাজনৈতিক গুঞ্জন নিয়ে বর্তমান সরকারের বিন্দুমাত্র উদ্বেগ বা কোনো ধরনের মানসিক চাপ নেই। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দলটির পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান নিয়ে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের নানা নাশকতামূলক কর্মসূচির উসকানি দিচ্ছে। তারা দেশে থাকা কর্মীদের দিয়ে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন কিংবা হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে সাধারণ কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে ও প্রতারণা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কোনো অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড দেশের জনগণ কখনোই মেনে নেবে না।
আপনার মতামত লিখুন :