
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের ডেঙ্গু পরিস্থিতির চিত্র এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ তিনজন খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ময়মনসিংহে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।
চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা গেছে, জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আর চলতি অক্টোবর মাসের এই কয়েক দিনে মারা গেছেন ১৭ জন।
নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তির চিত্রে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৯৬ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, যার সংখ্যা ৩৩০ জন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৩২৪ জন, রাজশাহীতে ২২৪ জন, বরিশালে ২০৩ জন, ময়মনসিংহে ৯৯ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৮৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :