Facebook Twitter Instagram YouTube

নকল ও ভেজাল খাবারে সয়লাব দেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ / ০
নকল ও ভেজাল খাবারে সয়লাব দেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যু

সারা দেশে নকল, ভেজাল ও নিম্নমানের অস্বাস্থ্যকর খাবারের দৌরাত্ম্য জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা ভাত, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ফল, দুধ ও পানি—সবকিছুতেই ভেজালের উপস্থিতি পাওয়া যাচ্ছে। জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে ফুটপাতের খাবার কিংবা অভিজাত রেস্তোরাঁর ফাস্টফুড, কোনো কিছুই এই বিষাক্ত চক্র থেকে মুক্ত নয়।

খাদ্য সতেজ রাখতে মাছ ও ফলে ব্যবহার করা হচ্ছে ফরমালিন ও কার্বাইডের মতো ক্ষতিকারক রাসায়নিক। চাল, ডাল ও শাকসবজিতে মেশানো হচ্ছে কীটনাশক। জিলাপি মচমচে করতে হাইড্রোজ এবং কাপড়ে ব্যবহারের রঙ মিশিয়ে তৈরি হচ্ছে ফলের জুস ও ফাস্টফুড। চিপস-চানাচুরে মেশানো হচ্ছে ক্ষতিকারক অ্যাক্রিলামাইড। এসব বিষাক্ত খাবারের প্রভাবে মানবদেহ নীল হয়ে যাচ্ছে এবং ক্যানসার, কিডনি ও লিভার বিকলের মতো জটিল রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় দেখা গেছে, বাজার থেকে সংগ্রহ করা ১,৭৫৬টি নমুনার মধ্যে ৫৮৬টিতেই ভেজাল ও দূষণ রয়েছে। শাকসবজিতে ৫০ শতাংশ এবং ফলে ৩৫ শতাংশ কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া লবণে সহনীয় মাত্রার চেয়ে ২০ থেকে ৫০ গুণ বেশি সিসা এবং চালের নমুনায় আর্সেনিক ও ক্রোমিয়াম শনাক্ত হয়েছে। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির পরীক্ষায় তরল দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতেই সিসা, অ্যান্টিবায়োটিক, কীটনাশক ও ট্যানারির কেমিক্যাল ক্রোমিয়ামের মতো ভয়াবহ বিষ পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অকাল মৃত্যু ও অসংক্রামক রোগের অন্যতম কারণ। বিশ্বে প্রতিবছর প্রায় ১১ মিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর খাবারের কারণে মারা যায়। সংস্থাটির তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৮৩০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে, ৩০ থেকে ৭৯ বছর বয়সি ১.৪ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে, অর্ধ বিলিয়নেরও বেশি মানুষ হৃদরোগের মতো অসংক্রামক রোগে আক্রান্ত। বাংলাদেশেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের প্রকোপ বাড়ছে। দেশে প্রায় ১৩.৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে এবং ২৩.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছেন। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মজিবুল হক বলেন, কৃষি এখন বহুজাতিক কোম্পানির দখলে চলে যাওয়ায় উচ্চফলনশীল জাতের নামে প্রাকৃতিক খাবারও ক্ষতিকারক হয়ে পড়ছে।

ভেজাল রোধে সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩, ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করলেও এর যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গত আট মাসে ৭৪৪টি মোবাইল কোর্টের মাধ্যমে দুই কোটি ৮৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে এবং সাতজনকে কারাদণ্ড দিয়েছে। তবে কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার জানান, তারা উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh