
বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) এনটিআরসিএর করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এই নির্দেশের ফলে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না। তবে আদালতের আদেশে রিটকারী ৪৬ জন শিক্ষকের স্বার্থ রক্ষায় তাদের জন্য ৪৬টি পদ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সরকার গত ২৫ মার্চ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগসংক্রান্ত একটি সংশোধনী জারি করে। উক্ত সংশোধনী অনুযায়ী, প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য মোট ১৮ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়। এর আগে ২০২৫ সালের জনবল কাঠামো অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত কার্যকর ছিল। নতুন এই শর্তকে বৈষম্যমূলক দাবি করে প্রথমে ১২ জন এবং পরবর্তীতে আরও কয়েকজনসহ মোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট সরকারের ওই সংশোধনী বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিটকারী ৪৬ জনের জন্য পদ সংরক্ষণের বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানিতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।
অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রধান শিক্ষক পদে ১০ হাজার ২৭৮টি শূন্যপদ ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে তিন হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে ১৫০টি শূন্যপদ ছিল। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বিজ্ঞপ্তিতে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের উল্লেখ থাকলেও বর্তমানে এ সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌঁছাতে পারে। আদালতের সর্বশেষ আদেশের ফলে সংরক্ষিত ৪৬টি পদ বাদে বাকি শূন্যপদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ও নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নিতে পারবে এনটিআরসিএ।
আপনার মতামত লিখুন :