
জাপানের ভিসা ও অভিবাসন নীতিতে সাম্প্রতিক কিছু পরিবর্তন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্লগার ও বিভিন্ন মাধ্যমের অতিরঞ্জিত প্রচারণার কারণে এই আতঙ্ক আরও বাড়ছে। তবে বাস্তবতা হলো, জাপান সরকার মূলত দেশটিতে বিদেশি নাগরিকদের বৈধ অবস্থান নিশ্চিত করা, আইন লঙ্ঘন রোধ এবং সামাজিক ও কর্মপরিবেশ সুশৃঙ্খল রাখতেই এই নীতি সংস্কারের দিকে গুরুত্ব দিচ্ছে।
জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য সংশ্লিষ্ট আইন ও নিয়ম যথাযথভাবে মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করা, ভিসার শর্ত অনুযায়ী নির্দিষ্ট কর্মক্ষেত্রে কাজ করা, শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত কর্মঘণ্টার নিয়ম মানা এবং সময়মতো কর ও সামাজিক বীমার অর্থ পরিশোধ করা। এছাড়া ঠিকানা বা কর্মস্থল পরিবর্তন হলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং কোনো ধরনের অপরাধমূলক বা আইনবিরোধী কর্মকাণ্ডে না জড়ানো প্রতিটি প্রবাসীর জন্য বাধ্যতামূলক।
ভিসার শর্ত লঙ্ঘন, কর বা সামাজিক বীমার বকেয়া থাকলে তা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি বসবাস বা স্থায়ীভাবে বসবাসের আবেদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাপানে স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে আয়, জীবনযাপন, আইন মেনে চলা এবং ভাষাগত দক্ষতার মতো বিষয়গুলো যাচাই করা হয়। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের নীতিনির্ধারকরা দেশটিতে বিদেশি কর্মীদের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত এবং ভবিষ্যতে এই চাহিদা বজায় থাকবে। তবে জাপান চায় বিদেশি নাগরিকরা দেশটির আইন-কানুন মেনে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে বসবাস করুন। তাই অহেতুক আতঙ্কিত না হয়ে নিজের ভিসার শর্ত ও বসবাসের নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকাই প্রবাসীদের জন্য বুদ্ধিমানের কাজ।
আপনার মতামত লিখুন :