
বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক লড়াই। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সির প্রতিনিধিত্ব করার পর বিদায়ী ম্যাচে মেসি আবেগপ্রবণ হয়ে পড়েন। মাঠের দীর্ঘ বক্তব্যে তিনি জানান, এই জার্সি ছেড়ে যাওয়া তার জন্য অত্যন্ত বেদনার, যদিও তিনি এখন সরে দাঁড়ানোর সঠিক সময় মনে করছেন।
নিজের বাবার কথা স্মরণ করে মেসি বলেন, দীর্ঘ এই পথচলায় কঠিনতম মুহূর্তগুলোতেও তিনি লড়াই থামাননি। তিনি জানান, গত বিশ্বকাপটি তার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড চাপের ছিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের নিঃশেষ করে দিয়েছিল। তবে তিনি গর্বিত যে, তার সতীর্থরা সবসময় এই জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে।
মেসি তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের জন্যই তিনি বিশ্বচ্যাম্পিয়ন, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তিনি জানান, মাঠ ও মাঠের বাইরের প্রতিটি মুহূর্ত তার জীবনের বড় প্রাপ্তি। গ্যালারিভর্তি সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করে মেসি বলেন, যেখানেই খেলেছেন, মনে হয়েছে নিজেদের ঘরের মাঠেই খেলছেন। বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর এই মাঠে ফেরার স্মৃতি তিনি কখনোই ভুলবেন না।
নিজের ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন হিসেবে আজকের দিনটিকে উল্লেখ করে মেসি বলেন, তিনি এখন থেকে সমর্থকদের সারিতে দাঁড়িয়ে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সমর্থন জোগাবেন। তিনি বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ থাকলে আর্জেন্টিনা যেকোনো কিছু জয় করতে পারে। দলের ব্যর্থতা দেখার জন্য যারা ওৎ পেতে থাকে, তাদের সন্তুষ্টি না দেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে মেসি বলেন, এই সবুজ গালিচা ছেড়ে যেতে তার মন চাইছে না। একজন আর্জেন্টাইন হতে পেরে এবং দেশবাসীর স্বপ্ন পূরণের সঙ্গী হতে পেরে তিনি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং খুব মিস করব।
আপনার মতামত লিখুন :