Facebook Twitter Instagram YouTube

সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ণ / ০
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

রাস পূর্ণিমা উৎসবে অংশ নিতে যাওয়ার পথে সুন্দরবনের নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি বোটের ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড বাংলাদেশ। সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাস পূর্ণিমা উপলক্ষে গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন পুণ্যার্থীরা। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে বোটটি রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে শুরু করলে যাত্রীরা বিপাকে পড়েন।

এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করার পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy