Facebook Twitter Instagram YouTube

আকাশে ড্রোন শো: মনুমেন্টালে আবেগঘন বিদায় পেলেন মেসি


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ / ০
আকাশে ড্রোন শো: মনুমেন্টালে আবেগঘন বিদায় পেলেন মেসি

ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের নাম লিওনেল মেসি। অসংখ্য রেকর্ড ও দলীয় সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে নিজের ক্যারিয়ারের আরও একটি আবেগঘন অধ্যায় পার করলেন তিনি।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচটিতে মেসি ছিলেন নিজের চেনা ছন্দে। সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পাশাপাশি ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও একটি গোল করেন তিনি। ম্যাচ শেষে রাজধানী বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তাকে ঘিরে ছিল বিশেষ বিদায়ী আয়োজন। রেফারি মেসির হাতে স্মারক হিসেবে একটি বক্স তুলে দেন।

ম্যাচ শেষ হলেও দর্শকেরা গ্যালারি ছাড়েননি, প্রিয় তারকাকে শেষবারের মতো বিদায় জানাতে তারা অপেক্ষায় ছিলেন। একপর্যায়ে মনুমেন্টালের আকাশে শুরু হয় বর্ণিল এক ড্রোন শো। শত শত ড্রোনের আলোয় প্রথমে ফুটে ওঠে আর্জেন্টিনার পতাকা, এরপর আকাশে ভেসে ওঠে ‘মেসি, ১০’ লেখা। মুহূর্তেই পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল যখন ড্রোনগুলো মিলে আকাশে ২০২২ বিশ্বকাপ হাতে মেসির ছবি ফুটিয়ে তোলে। এরপর একে একে ‘গ্রাসিয়াস, লিও’ ও ‘গ্রাসিয়াস আর্জেন্টিনা’ বার্তা ভেসে ওঠে। সবশেষে আকাশে ফুটে ওঠে মেসির মুখের অবয়ব। মাঠের দৃশ্যটিও ছিল আবেগঘন; সতীর্থদের মাঝে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত এই কিংবদন্তিকে ঘিরে আর্জেন্টিনার খেলোয়াড়েরা দাঁড়িয়ে পড়েন এবং করতালির মাধ্যমে পুরো স্টেডিয়াম তাকে বিদায়ী সম্মান জানায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din