Facebook Twitter Instagram YouTube

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ / ০
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছে সরকার। বুধবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলার একটি হোটেলে রাষ্ট্রমালিকানাধীন বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এটি বিমানের আরেকটি বড় উদ্যোগ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এয়ারবাসের জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, চুক্তির আওতায় এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে প্রশস্ত কাঠামোর এ৩৫০-৯০০ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং সরু কাঠামোর এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে। তবে ১০টি উড়োজাহাজ কেনার আর্থিক খরচের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২০৩৩ সালে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে এবং পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে।

অনুষ্ঠানে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে দেশের মাত্র ২০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যাতায়াত করেন। বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ বাংলাদেশি যাত্রীকে নিজস্ব উড়োজাহাজে বিদেশে নেওয়ার সক্ষমতা তৈরি করতে চায় সরকার। তিনি আরও জানান, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইউরোপীয় বিনিয়োগকারীদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতের প্রয়োজন মেটাতেই এয়ারবাসের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়িক যৌক্তিকতা ও প্রয়োজন যেখানে আছে, সেখানেই সরকার চুক্তি করবে—সেটি এয়ারবাস হোক বা বোয়িং। এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়োম ফোরি ভিডিও বার্তায় বিমানের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়েগা ওচহোওয়া দি চিনচিত্রু উপস্থিত ছিলেন। তারা এই অংশীদারত্বকে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও ইউরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন জানান, নতুন উড়োজাহাজের পাশাপাশি প্রকৌশল, রক্ষণাবেক্ষণ সক্ষমতা এবং পাইলট ও ক্রুদের প্রশিক্ষণে বিনিয়োগ করা হচ্ছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে যাত্রীসেবায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই চুক্তিকে বিমানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে চলতি বছর দুই দফায় বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। প্রথম দফায় ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে (প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা) ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে দ্বিতীয় দফায় ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। বোয়িংয়ের উড়োজাহাজ আসা শুরু হতে পারে ২০৩১ সালে। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে দুটি অচলপ্রায়। এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ যুক্ত হলে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বিমান তার কার্যক্রম পরিচালনা করবে।

এর মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ও চারটি ৭৩৭-৮।দ্বিতীয় দফায় গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়।

এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, বোয়িংয়ের উড়োজাহাজ আসা শুরু হতে পারে ২০৩১ সালে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo