
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে বুধবার ভোরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটির জানালার কাচ চূর্ণ হয়ে যায় এবং অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়।
নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১২ মাস এবং একজনের বয়স আট বছর। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হামলায় সাত শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে গত পাঁচ বছরের সংঘাতের অন্যতম 'ঘৃণ্য হামলা' বলে অভিহিত করেছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক শহর ও সাধারণ মানুষের জীবনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে একে সন্ত্রাস সৃষ্টির সুপরিকল্পিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
প্রিলুকির বাসিন্দা ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন এএফপিকে জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হামলা শুরু হলে তারা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। বিস্ফোরণে তাদের জানালার কাচ উড়ে যায় এবং তিনি ও তার স্বামী আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শীতকাল ঘনিয়ে আসায় কিয়েভসহ বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কসংকেত অবিরাম বাজছে এবং মানুষ সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি।
আপনার মতামত লিখুন :