
শরতের বিদায়লগ্নে সিরাজগঞ্জের চলনবিল এলাকার রায়গঞ্জ ও তাড়াশের বিস্তীর্ণ প্রান্ত জুড়ে ফুটেছে শুভ্র বিন্নার ফুল। এই বিশেষ সময়ে মাঠে কৃষিকাজের সুযোগ না থাকায় অভাবের সংসারে আর্থিক সহায়তা জোগাতে বিন্না ঘাসের ফুল সংগ্রহ করছেন একদল আদিবাসী নারী। সংগৃহীত এই ফুল দিয়ে তারা হাতে তৈরি করছেন ঝাড়ু, যা স্থানীয় হাট-বাজারে বিক্রি করে সংসার চালানোর মতো সামান্য আয় করছেন।
রায়গঞ্জের বাসাইল ও পশ্চিম আটঘোরিয়ার জেসনা রানী মাহাতো, কুসুম রানী মাহাতো এবং চন্দনা রানী ওঁরাও জানান, বছরের এই সময়টাতে ধান রোপণ, ফসল কাটা কিংবা ইটভাটায় কাজের কোনো সুযোগ থাকে না। ফলে তীব্র অর্থসংকটে পড়ে অনেক আদিবাসী পরিবার আগাম শ্রম বিক্রি করতে বাধ্য হয়। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ নারী কৃষিশ্রমের ওপর নির্ভরশীল হওয়ায় কর্মসংস্থানের অভাবে তাদের জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে পড়ে।
তাড়াশের মিনতি রানী ওঁরাও জানান, অগ্রহায়ণ ও পৌষ মাসে বোরো ধানের কাজের অপেক্ষায় থাকা অনেক নারী বাধ্য হয়েই এখন দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকায় আগাম শ্রম চুক্তিবদ্ধ করছেন। তবে এর পাশাপাশি গৃহস্থালি কাজের ফাঁকে বিন্নার ফুল দিয়ে ঝাড়ু বানিয়ে বাজারে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন, যা তাদের সংসারে বাড়তি উপার্জনের পথ তৈরি করেছে।
সিরাজগঞ্জ জেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থা সভাপতি নির্মল মাহাতো বলেন, জেলার ওঁরাও, মাহাতো, রাজবংশী, রবিদাস, কনকদাস, মুরারী, বসাইক ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ চরম দরিদ্র। একসময় তাদের পূর্বপুরুষরা বনাঞ্চলে শিকার করে জীবনধারণ করলেও বন উজাড় হওয়ায় সেই ঐতিহ্য বিলুপ্ত হয়েছে। বর্তমানে পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও মাঠে কঠোর পরিশ্রম করছেন। কর্মহীন এই সময়ে বিন্নার ফুল দিয়ে ঝাড়ু তৈরি করে একজন নারী প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় করতে পারছেন, যা তাদের টিকে থাকার লড়াইয়ে কিছুটা স্বস্তি দিচ্ছে।
আপনার মতামত লিখুন :