Facebook Twitter Instagram YouTube

নলছিটিতে খায়রাবাদ নদীর ভাঙনে গৃহহীন শতাধিক পরিবার


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ / ০
নলছিটিতে খায়রাবাদ নদীর ভাঙনে গৃহহীন শতাধিক পরিবার

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী খায়রাবাদ নদীর তীব্র ভাঙনে শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহে নদীটির ভাঙন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, ভরতকাঠি গ্রামের প্রধান সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং হাজারো মানুষ গৃহবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়দের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অসুস্থ মানুষগুলো ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার সকাল ১১টায় ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে 'খায়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ কমিটি'র আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক মো. রুহুল আমিন হাওলাদার ও সদস্য সচিব মো. রমজান আইকন হৃদয় জানান, নদী ভাঙনে শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। তারা পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির কাছে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ ফেলা অথবা বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে তাদের সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু জানান, নদী ভাঙনের এই বিষয়টি তিনি সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্টদের মাধ্যমে অবগত হয়েছেন। তিনি অচিরেই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh