খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাওহিদুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওসি মো. লোকমান হোসেন আরও জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
আপনার মতামত লিখুন :