Facebook Twitter Instagram YouTube

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থানে হামলার দাবি হুতিদের


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ / ০
সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থানে হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন এবং বন্দরনগরী ইয়ানবুর আরামকো স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ্যে আনেন।

বিবৃতিতে হুতি মুখপাত্র উল্লেখ করেন, গত ৪৮ ঘণ্টার ব্যবধানে আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ চার জায়গায় সফল হামলা সম্পন্ন করেছেন। তাদের মূল লক্ষ্যবস্তুর তালিকায় ছিল রিয়াদে অবস্থিত সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি তেল স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হামলার প্রভাব তুলে ধরে হুতি সামরিক বাহিনী দাবি করে, দাম্মাম বিমানবন্দরে আঘাত হানার ফলে সেখানে বিমান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং ইয়ানবুর আরামকো স্থাপনায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এর পাশাপাশি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে তারা সরাসরি ও নিখুঁত আঘাত হানতে সক্ষম হয়েছে।

এদিকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের পরিচালিত এই হামলার বিষযটি নিশ্চিত করে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, এই ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সৌদি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। অন্যদিকে আহত আটজনের মধ্যে দুইজন বাংলাদেশী নাগরিক বলে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।

হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক চরম হুঁশিয়ারিতে বলেন, ইয়েমেনের স্বাধীন গোত্রগুলোকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়ে সৌদি আরব কোনো ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করলে তার ফল হবে অত্যন্ত ভয়াবহ, বিপর্যয়কর ও অপ্রত্যাশিত। তিনি আরও স্পষ্ট করেন, ইয়েমেনের ভূখণ্ডে সৌদি হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির ভেতরের বিভিন্ন স্থাপনায় হুতিদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং রিয়াদ সংঘাত বাড়ালে পাল্টা কঠোর জবাব দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh