অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং দেশে বিনিয়োগ আকর্ষণ—এই তিন লক্ষ্য সামনে রেখে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জাপানের সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতার পাশাপাশি ইপিএ কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইপিএ বাস্তবায়িত হলে জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন আহমেদ জানান, আগামী সংসদ অধিবেশনেই এই চুক্তি অনুমোদন হতে পারে। এলডিসি উত্তরণের পথে এই চুক্তি দুদেশের জন্যই সম্ভাবনাময়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও কৃষি, জ্বালানি, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। বিশেষ করে টয়োটা কোম্পানির বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত ৬ অক্টোবর টয়োটা তসুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানায়।
গত ৬ ফেব্রুয়ারি টোকিওতে স্বাক্ষরিত ইপিএ’র আওতায় বাংলাদেশের রপ্তানি ঝুড়ির ৯৭ শতাংশ বা ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। ২০২৪ সালে শুরু হওয়া আলোচনা শেষে এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন কাঠামোয় নিয়ে এসেছে। এর বিপরীতে বাংলাদেশ জাপানের ১ হাজার ৩৯টি পণ্যে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা দেবে। এই চুক্তি শুধু শুল্ক কমানোর নয়, বরং পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, ই-কমার্স এবং মেধাস্বত্বের মতো বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করে।
তৈরি পোশাক খাতে রপ্তানি ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। ২০২৪-২৫ অর্থবছরে জাপানে প্রায় ১১৮ কোটি ৫০ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া ২০২৬-৩১ মেয়াদে প্রায় ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, যা পরিবহণ অবকাঠামো, জ্বালানি ও উৎপাদন শিল্পে ব্যয় করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ঢাকায় থাকছেন। সফরকালে কূটনৈতিক বিষয়াবলি তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলাম, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে টোকিওতে থাকবেন।
আপনার মতামত লিখুন :