
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।
সংলাপের মূল উদ্দেশ্য হলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা রোধে জাতীয় ঐক্য সুসংহত করা। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, যা বিরোধী দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত আজকের সংলাপে এনসিপি’র ৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, রাষ্ট্র পুনর্গঠন এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক সংলাপের আয়োজন করা হয়েছে। সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর করণীয় ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিরোধী দলগুলো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও, কেন আগে গড়ে ওঠা ঐক্যে ফাটল ধরেছে এবং সরকারের দায়বদ্ধতা কতটুকু—তা নিয়েও প্রশ্ন তোলার ইঙ্গিত দিয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামী, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ বেশ কিছু দল জানিয়েছে যে তারা এখনো সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। তবে আমন্ত্রণ পেলে তারা সংলাপে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, সংলাপে তারা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক দুর্বলতা নিয়ে আলোচনার পরিকল্পনা রেখেছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন যে তারা সংলাপের কথা শুনেছেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো পাননি। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. মো. শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং ফেরার পর জামায়াতের সঙ্গে সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :