
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে দেশের বিদ্যুৎ খাতে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। গরমের তীব্রতা কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হ্রাস পেয়েছে, যার ফলে লোডশেডিংয়ের পরিমাণও আগের চেয়ে কমেছে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্যানুযায়ী বুধবার সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দিনের বেলায় ছিল ১১ হাজার ৯৮০ মেগাওয়াট এবং রাতের বেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩০ মেগাওয়াট। এর বিপরীতে দিনে উৎপাদিত হয় ১১ হাজার ৭৯৯ মেগাওয়াট এবং রাতে ১৩ হাজার ৯৬ মেগাওয়াট। স্বাভাবিক নিয়মেই এই খাতে সরকারের ভর্তুকি ও লোকসানের চাপ কিছুটা লাঘব হচ্ছে। যদিও লোডশেডিং নিয়ে সরকারি ভাষ্য এবং গ্রাহকদের অভিজ্ঞতার মধ্যে কিছুটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে।
পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বিকাল তিনটার পর থেকে সারা দেশে কোনো লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি। তবে গ্রাহকদের দাবি, বিদ্যুৎ সরবরাহ টানা স্বাভাবিক থাকার বিষয়টি পুরোপুরি সঠিক নয়। সংসদ সদস্য জয়নাল আবেদীন সংসদে অভিযোগ করেছেন যে, তার নির্বাচনী এলাকায় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পাওয়া যায় না এবং তিনি সেখানে বাড়তি ক্ষমতাসম্পন্ন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
জাতীয় লোড সেন্টারের তথ্য বলছে, ১-১৫ অক্টোবর পর্যন্ত দৈনিক গড়ে ৩৪ কোটি ৫৮ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল, যা ১-১৫ নভেম্বরে কমে ৩০ কোটি ৩১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দৈনিক গড় সরবরাহ কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। একই সময়ে বিদ্যুৎ উৎপাদনের গড় ১২ হাজার ৯৪৩ মেগাওয়াট থেকে কমে ১০ হাজার ৭৮৮ মেগাওয়াটে নেমে এসেছে।
খরচের বিষয়টি মাথায় রেখে সরকার তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আমদানির দিকে নজর দিয়েছে। পিডিবি জানায়, আলোচিত সময়ে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কিছুটা কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে কয়লাভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ছিল ৮৬ কোটি ১৩ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৮৩ কোটি ৯৮ লাখ টাকা হয়েছে। এছাড়া গ্যাসভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ৪১ কোটি তিন লাখ টাকা থেকে কমে ৩৭ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ব্যয় ৮.৩৪ টাকা থেকে কমে ৭.৩৯ টাকা হয়েছে।
চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমাতে হচ্ছে জানিয়ে পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, এতে উৎপাদন খরচও কমছে। তিনি জানান, তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আমদানির সামগ্রিক ব্যয় কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে মোট ব্যয় ছিল ৪,৩২৫ কোটি ৬৪ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৩,৩৫৭ কোটি ৬১ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ ব্যয় কমেছে ৯৬৮ কোটি তিন লাখ টাকা বা ২২.৪ শতাংশ। যদিও খরচ কমাকে সরাসরি আর্থিক সাশ্রয় বলা যায় না।
দিনের বেশিরভাগ সময় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুতের প্রয়োজন কম থাকায় সারাদিনের উৎপাদন খরচ কমে এসেছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, দিনের বেলায় বন্ধ রাখায় তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও প্রায় অর্ধেকে নেমে এসেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে যেখানে ১৯৬৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছিল, সেখানে ৯৭১ কোটি ২২ লাখ টাকা কমে নভেম্বরের একই সময়ে খরচ দাঁড়ায় ৯৯৮ কোটি ৩৮ লাখ টাকা। রাতের বেলায় চাহিদা বেশি থাকায় অধিক খরচ জেনেও সে সময় ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। এ সময়ে এসব কেন্দ্রের বিদ্যুৎ বেশি প্রয়োজন হচ্ছে বলেও জানান তারা।
আপনার মতামত লিখুন :