
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন যে, আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে লোক ভাড়া করে অনেক কিছু লেখানো সম্ভব, তবে আকাঙ্ক্ষা ও বাস্তবের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাস্তবতা হলো যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে দেশে ফিরতে দেওয়া হবে না।
শেখ হাসিনার সম্ভাব্য ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির আরও বলেন, কেউ হয়তো দুঃস্বপ্নে বা কল্পনায় ভাবতে পারেন যে তিনি হেঁটে বা বিমানে করে চলে আসছেন। কিন্তু বাস্তবতা হলো, তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারির মাধ্যমেই তা করতে হবে।
উল্লেখ্য, ওই ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাশাপাশি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :