
দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গত আসরের মতোই এই আসরেও মোট ১৬টি দল অংশ নেবে।
২০১৬ ও ২০২৪ সালের পর ২০২৮ সালে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে। গত দুই আসরে যথাক্রমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, ফলে মার্কিন মুলুকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সঙ্গে আলবিসেলেস্তেদের সুখস্মৃতি রয়েছে। আসন্ন আসরে কনমেবলের ১০টি এবং কনকাকাফ অঞ্চলের ৬টি দেশ অংশ নেবে। কনকাকাফের অংশগ্রহণকারী দলগুলো ২০২৭ গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত কারণ রয়েছে। সাম্প্রতিক বিশ্বকাপ আয়োজনের কারণে দেশটির বিভিন্ন স্টেডিয়াম পুরোপুরি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে, যা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত।
কনমেবল সভাপতি ও ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্টই নয়, এটি তাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মহত্ত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে এই আবেগকে আবারও নিয়ে আসা হবে, যা কনকাকাফের সঙ্গে ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে এবং ফুটবলের প্রসারে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে। ডমিঙ্গেজের মতে, এটি আবারও প্রমাণ করবে যে ফুটবলের কোনো সীমানা নেই। উল্লেখ্য, ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে ইকুয়েডর আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই স্বত্ব পেয়েছে।
আপনার মতামত লিখুন :