
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন মার্কিন নাগরিকদের অধিকাংশ। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক নতুন এক জরিপে এই চিত্র উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ মনে করেন, শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।
জরিপটিতে ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মতামত নেওয়া হয়। এতে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের এই ধারণার সঙ্গে একমত। তবে রিপাবলিকান ভোটারদের মধ্যে এই সমর্থনের হার ২৫ শতাংশ। জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি আল-জাজিরাকে বলেন, যুদ্ধের শর্ত যা-ই হোক, তা বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি জানান, তারা জানতেন মানুষ যুদ্ধের বিরোধিতা করছে, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য তারা কী ধরনের শর্ত মেনে নিতে প্রস্তুত, তা নিয়ে নিশ্চিত ছিলেন না।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প রাখা হয়েছিল। এর মধ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন ৫৫ শতাংশ। বাকিদের মধ্যে মাত্র ২১ শতাংশ বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী যুদ্ধের যৌক্তিকতা নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে সংশয় রয়েছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেও জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে আগের চেয়ে দুর্বল অবস্থানে পড়েছে। এছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে জরিপে ৩৫ শতাংশ মনে করেন এর নিয়ন্ত্রণ ইরানের হাতে, আর মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে।
ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির পক্ষে। জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ ডেমোক্র্যাট ইরানে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে এবং ৫১ শতাংশ মনে করেন, বাজেট আলোচনার সময় যুদ্ধ বন্ধের দাবি তোলা উচিত, এমনকি এতে সরকার অচল হওয়ার ঝুঁকি থাকলেও। ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেও এ নিয়ে বিতর্ক চলছে। দলের প্রগতিশীল অংশ যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও কট্টরপন্থী বা মধ্যপন্থী নেতারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে কিছুটা অনীহা দেখাচ্ছেন। গবেষক তেলহামি মনে করেন, ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জনমতের তীব্রতা উপেক্ষা করছেন এবং নিজেদের অবস্থান পরিবর্তন না করলে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়বেন।
আপনার মতামত লিখুন :