Facebook Twitter Instagram YouTube

প্রকাশিত হলো পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি, উঠে এল আধ্যাত্মিক সংকটের কথা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ / ০
প্রকাশিত হলো পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি, উঠে এল আধ্যাত্মিক সংকটের কথা

প্রয়াত পোপ ফ্রান্সিস জীবনের বিভিন্ন সময়ে গভীর আধ্যাত্মিক সংকট, শয়তানের উপস্থিতি অনুভব করা এবং নরকের প্রবেশদ্বার দেখার নানা অভিজ্ঞতার কথা নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করে গেছেন। সম্প্রতি প্রকাশিত ১৬০ পৃষ্ঠার ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শিরোনামের একটি বইয়ে তাঁর এসব ব্যক্তিগত অনুভূতির কথা উঠে এসেছে। পোপের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বইটি সংকলন করেছেন। বইটিতে পোপের মূল লেখার পাশাপাশি তাঁর ধর্মীয় ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করা হয়েছে।

১৯৯২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে পোপ ফ্রান্সিস এসব ডায়েরি লেখেন। আর্জেন্টিনায় বিশপ হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে শুরু করে পরবর্তীতে রোমে পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর পর্যন্ত তিনি এই অভ্যাস বজায় রেখেছিলেন। সংকলিত এই বইটিতে দেখা যায়, ডায়েরির ৮৬টি পৃষ্ঠা লেখা হয়েছিল আর্জেন্টিনায় অবস্থানকালে এবং বাকি ৫৫টি পৃষ্ঠা তিনি লিখেছেন পোপ পদের দায়িত্ব পালন করার সময়। জীবনের বিভিন্ন পর্বে অন্তত তিনবার শয়তানের সরাসরি উপস্থিতি অনুভব করার কথা স্পষ্ট ভাষায় লিখেছেন ফ্রান্সিস। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালনকালে এবং অন্য ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে পোপ হিসেবে ভ্যাটিকানে থাকাকালে।

ডায়েরির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ আগস্টের এক লেখায় তিনি শয়তানের চোখের বিবরণ দেন। পোপ ফ্রান্সিসের বর্ণনায় সেই চোখ দুটি ছিল আগুনের মতো, যা একই সাথে অত্যন্ত ভয়ংকর ও প্রলুব্ধকর। এর আগে ২০১৮ সালে চিলি সফর শেষ করে রোমে ফেরার কয়েক দিন পর এক বৈঠকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, সেখানে তিনি শয়তানকে দেখতে পান এবং তার কর্কশ ও বিজয়ীর মতো একটি কণ্ঠস্বর শুনতে পান। ফ্রান্সিসের মনে হয়েছিল কণ্ঠস্বরটি বলছিল, ‘এখন আমি যা চেয়েছিলাম, সবই পেয়ে গেছি।’ শেষ পর্যন্ত সেই বৈঠক কক্ষ থেকে অক্ষত অবস্থায় বের হতে পারাকে তিনি সৃষ্টিকর্তার অশেষ সহায়তা হিসেবে গণ্য করেছিলেন। এ ছাড়া ২০১৮ সালেরই অন্য এক রাতে ঘুমাতে যাওয়ার আগে নরকের প্রবেশদ্বার দেখার আতঙ্কের কথাও তিনি লিখেছেন, যাকে পৌত্তলিক প্রলোভনের চূড়ান্ত রূপ হিসেবে অভিহিত করে আত্মরক্ষার জন্য তিনি হাতে জপমালা বা রোজারি তুলে নিয়েছিলেন।

ব্যক্তিগত আধ্যাত্মিক সংগ্রামের বাইরে ক্ষমতার প্রলোভন ও প্রশাসনিক মানসিক ক্লান্তি নিয়েও নিজের অস্বস্তির কথা ডায়েরিতে তুলে ধরেছেন প্রয়াত এই ধর্মগুরু। ২০২১ ও ২০২২ সালের ডায়েরির বিভিন্ন লেখায় উঠে আসে—নিজের ক্ষমতা প্রয়োগের প্রবণতা, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং চার্চের সব কিছু নিজে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা তাঁকে মানসিকভাবে পীড়া দিত। গির্জার নানামুখী প্রশাসনিক সিদ্ধান্ত ও দায়িত্বের চাপের মধ্যে বিনয় ও ধৈর্য ধারণের মাধ্যমে তিনি এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করেন। কার্ডিনাল ফার্নান্দেজ একটি ঘটনা উল্লেখ করে জানান, একবার এক বিশপ ফ্রান্সিসকে জিজ্ঞেস করেছিলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এক কর্মকর্তাকে কেন পদচ্যুত করা হচ্ছে না। দীর্ঘ নীরবতা শেষে পোপ জবাব দিয়েছিলেন, তিনি কাউকে নিজের ইচ্ছামতো ব্যবহার বা নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে যেতে চান না। পরবর্তীতে ২০২২ সালের ৩০ ডিসেম্বরের লেখাতেও তিনি মানুষকে পুতুলের মতো চালনা করার প্রলোভন প্রত্যাখ্যান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

ডায়েরিতে পোপ ফ্রান্সিস তাঁর উত্তরসূরি এবং সমসাময়িক সমালোচকদের প্রতিও উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। নিজের উত্তরসূরি পোপ লিও চতুর্দশ (কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট)-কে তিনি একজন মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। অন্যদিকে, তাঁর সমালোচক হিসেবে পরিচিত গিনির কার্ডিনাল রবার্ট সারার ভেতরে পরিশীলিত আধ্যাত্মিক সংবেদনশীলতা রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি জার্মান কার্ডিনাল গেরহার্ড মুলারকে বাহ্যিকভাবে আক্রমণাত্মক মনে হলেও মনেপ্রাণে একজন ভালো মানুষ হিসেবে ডায়েরিতে মূল্যায়ন করেছিলেন ফ্রান্সিস।

নিজের মেয়াদের একটি অন্যতম বেদনাদায়ক ঘটনা চিলির ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়ন কেলেঙ্কারি নিয়েও অনুশোচনা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। ২০১৮ সালের ওই ঘটনায় এক বিশপের বিরুদ্ধে নিপীড়ন আড়াল করার অভিযোগ ওঠে। প্রাথমিক পর্যায়ে অভিযোগের ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে না পেরে পোপ জনসমক্ষে সমালোচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যার একপর্যায়ে দেশটির বিশপরা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দেন। ডায়েরিতে পোপ লেখেন, চিলির সেই জটিল পরিস্থিতি এবং বিমানে সাংবাদিকদের সঙ্গে কথাপোকথনের পর তিনি ভীষণভাবে মানসিক চাপে ভেঙে পড়েছিলেন।

উল্লেখ্য, জর্জ মারিও বেরগোলিও ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন। দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করার পর ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কার্ডিনাল ফার্নান্দেজের মতে, এই ডায়েরি পোপের আত্মিক সংগ্রাম ও দায়িত্ববোধের এক অসামান্য দলিল। বইটি ভ্যাটিকান প্রকাশনা সংস্থা প্রকাশ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের সহযোগী প্রতিষ্ঠান এর ইংরেজি সংস্করণ বাজারে আনছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh