Facebook Twitter Instagram YouTube

টঙ্গীতে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩১ কারখানা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ / ০
টঙ্গীতে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩১ কারখানা

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এই শ্রমিক আন্দোলনের প্রভাবে এলাকার ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩১টি কারখানা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সকাল আটটার পর থেকেই শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে থাকেন। সকাল সাড়ে নয়টার দিকে তারা সংগঠিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে উভয়পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বেলা সোয়া ১১টায় প্রতিবেদন তৈরির সময়ও সড়কটি অবরুদ্ধ ছিল।

আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল উভয় মহাসড়কেই যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে দুই মহাসড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার পথ অবরুদ্ধ হয়ে পড়ায় স্বল্প দূরত্বের যানবাহনগুলো বিকল্প হিসেবে বিভিন্ন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করায় সেসব সংযোগ সড়কেও চরম যানজট ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে জটিলতা তৈরি হওয়ায় যানবাহন বেশ ধীরগতিতে চলছে। পুলিশ সমস্যার সমাধান করে মহাসড়কে যানবাহন চলাচল সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের মুখে উদ্ভূত পরিস্থিতিতে আজ ওই এলাকার ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ইতোমধ্যে ৩১টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor