
চারদিকে ঘন সবুজের বিস্তার, বিশাল সব বৃক্ষের ছায়াতল আর পাখি ও পাতার শব্দে মুখরিত এক নিবিড় প্রাকৃতিক পরিবেশ। দ্রুত বাড়তে থাকা বহুতল ভবন ও কংক্রিটের আড়ালে ঢাকা যখন ক্রমান্বয়ে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, তখন মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান নগরবাসীর কাছে বনের মতো স্বস্তি এনে দিচ্ছে। রাজধানীর জিরো পয়েন্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত ২০৮ একর আয়তনের এই উদ্যানটি ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং উদ্ভিদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গবেষণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
উদ্যানটিতে দীর্ঘ ৩৫ বছর ধরে মালি হিসেবে কাজ করছেন আবদুল আলিম। গত ১৩ অক্টোবর উদ্যানের এক নার্সারিতে কাজের ফাঁকে তিনি জানান, এখানে ঢাকা শহরের বিরল সব প্রজাতির গাছের সমাবেশ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন; কেউ উদ্ভিদের বৈচিত্র্য দেখতে, আবার কেউ শহরের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি পেতে। মিরপুরের বাসিন্দা সালসাবিল মালিহা গত ১৩ অক্টোবর ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে তাঁর পাঁচ বছরের সন্তানকে নিয়ে উদ্যানে এসেছিলেন। তিনি বলেন, রাজধানীতে খোলা জায়গার তীব্র সংকট থাকায় তিনি মাঝে মাঝেই সন্তানকে নিয়ে এই প্রকৃতিতে আসেন, যা নগরের কোলাহল পেরিয়ে মনে বিশেষ এক প্রশান্তি জোগায়।
উদ্যান কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এখানে ১ হাজার ৪২ প্রজাতির বীরুৎ, গুল্ম, বৃক্ষ ও জলজ উদ্ভিদ রয়েছে। এর মধ্যে দেশি প্রজাতি ৫১৩টি এবং বিদেশি প্রজাতি ৫২৯টি। সব মিলিয়ে উদ্যানটিতে বৃক্ষের সংখ্যা প্রায় ৮০ হাজার। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা সহ নানা দেশ থেকে সংগৃহীত উদ্ভিদ স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিয়মিত বংশবিস্তার করানো হচ্ছে। উদ্যানটিকে সাজানো হয়েছে ৫৭টি আলাদা সেকশনে, যার মধ্যে গোলাপ বাগান, মৌসুমি বাগান, ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, ফার্ন হাউস, শাপলা পুকুর ও পদ্ম পুকুর অন্তর্ভুক্ত। পুরো উদ্যানে রয়েছে ১১টি জলাশয় এবং দুটি নার্সারি।
এখানে থাকা উল্লেখযোগ্য গাছের তালিকায় রয়েছে আকাশমণি, ম্যাঙ্গিয়াম, বাওবাব, কালো কড়ই, রেইনট্রি, বৈলাম, গামারি, তেলসুর, বুদ্ধ নারকেল, শ্বেতচন্দন, গাব, মেহগনি ও দেবদারু। দুর্লভ প্রজাতিগুলোর মধ্যে কামদেব, বাঁশপাতা, নাগলিঙ্গম, লোহাকাঠ ও নাগচম্পা বিশেষভাবে নজর কাড়ে। উদ্যানের পশ্চিম পাশে থাকা ঔষধি বাগানে রয়েছে বেল, রক্তকম্বল, পাথরবাদাম, ছাতিম, চুলমুগরা, তসবি, রিঠা, খয়ের ও অশোকের মতো নানা ভেষজ গাছ।
প্রজাতির বিপুল প্রাচুর্য থাকলেও উদ্যানটিতে স্বাভাবিকভাবে নতুন চারা গজানো ও বেড়ে ওঠার হার বেশ কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের ‘ট্রি ডাইভারসিটি অ্যান্ড রিজেনারেশন পটেনশিয়ালস অব ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন’ শিরোনামের এক গবেষণা সাময়িকী ‘বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি’র ২০২৫ সালের সংখ্যায় প্রকাশিত হয়। উদ্যানের ১২টি অঞ্চলে ৬১টি গোত্রের ২২০ প্রজাতির ওপর চালানো জরিপে গবেষকেরা মাত্র সাতটি প্রজাতির স্বাভাবিক চারা খুঁজে পান। এগুলো হলো তেলসুর, হিজল, ধলি গর্জন, তেলি গর্জন, পিদালি, মেহগনি ও বুদ্ধ নারকেল। এর মধ্যে ধলি গর্জনের চারা ঘনত্বের হার সবচেয়ে বেশি (প্রতি বর্গমিটারে ২.৯টি)। জরিপ করা অঞ্চলে দেশি গাছ ৫৭ শতাংশ এবং বিদেশি গাছ ৪৩ শতাংশ। গবেষণার অন্যতম প্রধান গবেষক অধ্যাপক মোহাম্মদ জশিম উদ্দিন জানান, উদ্যান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রক্রিয়ায় অনেক ছোট চারা কেটে ফেলার কারণে চারা প্রাকৃতিকভাবে জন্মানোর সুযোগ বিঘ্নিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জশিম উদ্দিন আরও উল্লেখ করেন, মানুষের বেঁচে থাকার জন্য জনপ্রতি গড়ে সাতটি গাছ প্রয়োজন হলেও ঢাকায় প্রতি সাতজন মানুষের বিপরীতে রয়েছে মাত্র একটি গাছ। শহর রক্ষায় ফুসফুসের মতো ভূমিকা পালন করা বোটানিক্যাল গার্ডেনকে আরও সমৃদ্ধ করতে দেশের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গাছগুলোকে এনে এখানে ‘মাদারগাছ’ হিসেবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
একসময় বহিরাগত অপরাধী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের উপদ্রবের কারণে উদ্যানটিতে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা উঠত। ২০২০ সালের ১৬ জানুয়ারি উদ্যানের লেকপাড় থেকে বাসচালক মো. কাসেমের (৩৮) এবং ২০১৩ সালের ১৮ জুলাই ফলবাগানের কাছ থেকে এক অজ্ঞাতনামা তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছিল। এমনকি ২০২৩ সালের জানুয়ারিতে ফারজানা আফরিন নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের পর স্থানীয়রা তাঁর সাবেক স্বামী সাইদুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করে। তবে বর্তমানে সীমানা প্রাচীরের ভাঙা অংশ সংস্কার, আনসার ও পুলিশের টহল জোরদার করায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত জানান, সমন্বিত নজরদারি ও তদারকির মাধ্যমে নিরাপত্তার সংকট কাটিয়ে ওঠা হয়েছে, যার সুফল এখন নিয়মিত দর্শনার্থীরা পাচ্ছেন।
আন্তর্জাতিক সাময়িকী ‘এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস’-এ ২০২২ সালে প্রকাশিত ‘প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জেস অব আরবান গ্রিন স্পেস ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণায় উঠে আসে ঢাকার সবুজ কমে যাওয়ার হতাশাজনক চিত্র। নওশিন নাওয়ার, রায়হান সরকার, ফারহাত জাহান চৌধুরী ও মো. মোস্তাফিজুর রহমান পরিচালিত ওই গবেষণায় দেখা যায়, ১৯৮৯ সালে ঢাকার ১৭ শতাংশ এলাকা গাছে ঢাকা থাকলেও ২০২০ সালে তা নেমে এসেছে মাত্র ২ শতাংশে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা (ইউএনইপি)-এর নিয়ম অনুযায়ী একটি শহরের অন্তত ২৫ শতাংশ অঞ্চল সবুজ থাকা আবশ্যক। এই ঘাটতির মুখে দাঁড়িয়ে মিরপুরের এই সবুজ উদ্যান ঢাকার বাতাস ও পরিবেশ সুরক্ষায় অপরিহার্য অবলম্বন হয়ে উঠেছে।
এর সুফল পাচ্ছেন দর্শনার্থীরা।.এক বাগানেই ২০০ জাতের ফল, শিক্ষকের বিস্ময়কর সংগ্রহ.ঢাকায় সবুজের পরিসর কমে যাওয়ার চিত্র উঠে এসেছে বিভিন্ন গবেষণায়।
আপনার মতামত লিখুন :