Facebook Twitter Instagram YouTube

ইরান যুদ্ধে অর্থায়ন ও জয় নিয়ে ডেমোক্র্যাটদের ট্রাম্পের হুঁশিয়ারি


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ / ০
ইরান যুদ্ধে অর্থায়ন ও জয় নিয়ে ডেমোক্র্যাটদের ট্রাম্পের হুঁশিয়ারি

আগামী জানুয়ারির শেষ নাগাদ ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থায়ন যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিরোধী দল ডেমোক্র্যাটরা যদি যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার 'পূর্ণ বিজয়' পরাজয়ে পরিণত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী জানুয়ারিতে কংগ্রেস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে গেলে ইরানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তার স্বাধীনতা কিছুটা সীমিত হয়ে আসতে পারে। তা সত্ত্বেও বিরোধী দল যাতে এই যুদ্ধের আগাম সমাপ্তি ঘটাতে উদ্যোগী না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

ডেমোক্র্যাটদের সম্ভাব্য ভূমিকার সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা একটি পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। যদি তারা এমনটা করে, তবে দেখা যাবে—ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতারাও আর ক্ষমতায় নেই। ফলে এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা যদি যুদ্ধ থামায়, তবে তারা অর্জিত বিজয়কে পরাজয়ে রূপ দেবে।

রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে বিস্ময় প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাজনৈতিকভাবে তারা কীভাবে এমনটা করতে পারে, তা তার বোধগম্য নয়। কারণ ইতোমধ্যে বিজয় অর্জিত হয়েছে এবং তারা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন।

ইরানে সামরিক হামলা চালানোর ক্ষেত্রে সময় ও অর্থায়নের সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, অর্জিত বিজয়কে কেউ পরাজয়ে পরিণত করবে এমনটা বিশ্বাস করা তার জন্য কঠিন। তবে জানুয়ারির একেবারে শেষ সময় পর্যন্ত যুদ্ধ পরিচালনার প্রয়োজনীয় অর্থায়ন তাদের রয়েছে।

একই সাক্ষাৎকারে ইসরাইলের পক্ষ থেকে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েও কথা বলেন ট্রাম্প। তার মতে, ইসরাইলের এই লক্ষ্য অর্জন সম্ভবত বাস্তবায়নযোগ্য। তবে এটি তার নিজের মূল লক্ষ্য নয় উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানান, তিনি শুধু চান না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। তিনি কখনোই কোনো দেশে সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলেন না এবং এটি কখনোই তার বিবেচনার মানদণ্ড ছিল না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh