
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজার। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। আল জাজিরার ১৭ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে, যা আগের দিনের দামের পতনকে পুরোপুরি পুষিয়ে নিয়েছে।
তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবার সকালে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। বিশেষ করে জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ দিনের শুরুতে ৩ শতাংশেরও বেশি দর হারিয়েছে।
এদিকে, ভূ-রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে থাকা ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওই এলাকায় উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করেনি এবং হামলার সুনির্দিষ্ট কারণ বা নিহতদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
আপনার মতামত লিখুন :