
বাংলাদেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক ফোনালাপে এই সহযোগিতা চাওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের এই সংকট দূর করতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশের জ্বালানি সংকট কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লেখেন। বর্তমানে মালয়েশিয়া সফরে থাকা শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আজ কুয়ালালামপুরে চিঠিটি দেশটির প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে ফোনে কথা হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, এই সংকট সমাধানে তাঁর দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি দ্রুতই তাঁর টিম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে অবহিত করবেন এবং দ্রুত ফিডব্যাক দেবেন, যাতে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘব হয়।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মাধ্যমে আমদানিকৃত এলএনজি রিগ্যাসিফাই করা হলেও, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ফলে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার এই সমস্যা দূর করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন করা যায় এবং তাদের অভিজ্ঞতা, পরামর্শ বা সম্পদ ভাগাভাগি করে আমাদের কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল দিনরাত কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংকট কাটানোর চেষ্টা চালাচ্ছেন। চাহিদা ও সরবরাহের মধ্যকার ঘাটতি কমিয়ে আনতেই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে এই বিশেষ সহযোগিতা চেয়েছেন।
আপনার মতামত লিখুন :