
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সোমবার রাতের প্রথম প্রহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জের এবং একজন মুন্সীগঞ্জের বাসিন্দা।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। একই ইউনিয়নের তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলীর ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিকে, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক রওশন আলী দাবি করেছেন যে, দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে মৃত্যুর খবর নিজ নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, পেটের দায়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। সোমবারই তার সাথে শেষ কথা হয়েছিল।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখা করবেন। সরকারের পক্ষ থেকে যে সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যাবে।
আপনার মতামত লিখুন :