Facebook Twitter Instagram YouTube

মোদি সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, ভিডিও ব্লক নিয়ে বিতর্ক


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ /
মোদি সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, ভিডিও ব্লক নিয়ে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দিল্লি সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, এটি নিছক প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে এবং ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি সংশোধন করার পর ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে। এর আগে ভিডিওটি ব্লক থাকা অবস্থায় ব্যবহারকারীরা একটি নোটিশ দেখতে পেতেন, যেখানে উল্লেখ ছিল যে আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ওই অঞ্চলে প্রদর্শন করা হচ্ছে না। মেটার একজন মুখপাত্র বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিষয়টি ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কী কারণে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ফেসবুক ভিডিও ব্লক হওয়ার ঘটনায় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটা এবং ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে।

গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এক কর্মসূচিতে জেন জি তরুণদের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। মোদি জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর আইনি বিধান প্রণয়নের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এছাড়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হয়েছে এবং যুবসমাজের কল্যাণই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin