
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় নৌকা থেকে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাবা ও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার বাসিন্দা কাউসার আলী (৬০) এবং তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।
জানা গেছে, তারা পদ্মার চরে খড় কাটতে গিয়েছিলেন। কাজ শেষে খড় বোঝাই করে ফেরার পথে মাঝ নদীতে নৌকাটি হঠাৎ স্রোতের কবলে পড়ে ডুবে যায়। ওই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। স্থানীয় পদ্মা গার্ডেন এলাকার তীরে অপেক্ষমান মাঝি ও বাসিন্দারা নৌকাটি ডুবতে দেখে দ্রুত উদ্ধারের জন্য এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় আট যাত্রীর মধ্যে ছয়জন সাঁতরে কিনারায় উঠতে সক্ষম হন। তবে কাউসার আলী ও তার ছেলে জিয়ারুল স্রোতে তলিয়ে যান। জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে তাদের ছয়জন ডুবুরি কাজ করছেন। পানির নিচে তল্লাশির পাশাপাশি নৌকা নিয়েও নদীতে নজর রাখা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :