
জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রবিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। এ দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, সেই অর্জনকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন।
ফ্যাসিবাদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং এটি কোনো গোপন বিষয় নয়। উপযুক্ত আদালতেই এ বিচার সম্পন্ন হবে এবং সেই বিচার হবে স্বচ্ছ ও প্রশ্নাতীত। এছাড়া ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বরিশাল জেলা আইনজীবী সমিতির এই ১০ তলা ভবন নির্মাণকে আইনজীবী ও বিচারসংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বক্তারা। তাদের মতে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবন নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনা সহজ হবে এবং সাধারণ বিচারপ্রার্থীরা উন্নত পরিবেশে আইনি সেবা পাবেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন এমপি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও সাবেক বরিশাল সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার এমপি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন এবং আইনজীবীদের বিভিন্ন দাবি ও পেশাগত সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :