Facebook Twitter Instagram YouTube

কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক দারুণ: ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ /
কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক দারুণ: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নতুন করে মন্তব্য করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কিম জং উনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবি প্রকাশ করেন ট্রাম্প। যদিও ওই ছবিতে তাদের অভিব্যক্তি খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না, তবুও ট্রাম্প দাবি করেছেন যে তাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। তিনি তার পোস্টে উল্লেখ করেন, এমন অনেক ছবিই তাদের আছে যেখানে তারা হাসিখুশি অবস্থায় রয়েছেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন একটি সময়ে সামনে এল যখন কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। পিয়ংইয়ং নিয়মিতই এই মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে আসছে। আগামী ১৭ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত 'উলচি ফ্রিডম শিল্ড' নামের এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মহড়ায় সাইবার হামলা প্রতিরোধ, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন মোকাবিলা এবং ড্রোন প্রতিরোধের মতো আধুনিক যুদ্ধের কৌশলগুলো অনুশীলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এখন একটি 'পারমাণবিক জোটে' রূপান্তরিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন মহড়াগুলো গত পাঁচ বছরের তুলনায় ভিন্ন এবং আধুনিক যুদ্ধের নতুন দিকগুলোকে সামনে রেখে এর পরিকল্পনা করা হয়েছে। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়েছে যে, নতুন মাত্রার যেকোনো হুমকির জবাব তারা নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা দিয়েই দেবে।

এরই মধ্যে গত ১২ আগস্ট উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্যানুযায়ী, পিয়ংইয়ং পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। যদিও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এই ঘটনাকে কেবল 'ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ' হিসেবেই উল্লেখ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh