Facebook Twitter Instagram YouTube

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিচ্ছে ডিএসসিসি


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ /
একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিচ্ছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, ব্যবসায়ীদের হয়রানি কমাতে ও সুবিধা দিতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকরা যাতে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারেন, সে ধরনের ডিজিটাল উদ্যোগও নেওয়া হচ্ছে।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক এই ঘোষণা দেন। রোববার (১৬ আগস্ট) স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ নিয়ে ডিএসসিসি ও ডিসিসিআই যৌথভাবে এই সভার আয়োজন করে।

ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ইতোমধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। তবে জালিয়াতি চক্রের কারণে কিছুটা জটিলতা তৈরি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি চক্র ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, যার ফলে সিটি করপোরেশনও রাজস্ব হারাচ্ছে। তাই সেবাকে সহজ করার পাশাপাশি এই জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে একবারে পাঁচ বছরের জন্য লাইসেন্স নবায়নের দাবির জবাবে আব্দুস সালাম বলেন, এটি বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এর ফলে ব্যবসায়ীদের প্রতি বছর লাইসেন্স নবায়নের ঝামেলা পোহাতে হবে না।

সাইনবোর্ড কর নিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট করেন যে, সাইনবোর্ডের করের হার বাড়ানো হচ্ছে না। তবে প্রকৃত পরিমাপ অনুযায়ী কর আদায় নিশ্চিত করা গেলে সিটি করপোরেশনের রাজস্ব আরও বৃদ্ধি পাবে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সিদ্ধান্ত ব্যবসায়ীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না; বরং পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din