Facebook Twitter Instagram YouTube

১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক’ প্রদান করেছেন। রবিবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী নিজ হাতে পদক বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। তিনি মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৮ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এর অবদান ২২ দশমিক ৩ শতাংশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ৬ লাখ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও জানান, মৎস্য উৎপাদনে দেশের সাফল্য, মৎস্যসম্পদ সংরক্ষণ, মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের দূরদর্শী নীতি, গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ এবং অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মৎস্য খাতকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যায়ে উন্নীত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin