Facebook Twitter Instagram YouTube

কিশোরগঞ্জে প্রথম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা কর্মসূচি


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
কিশোরগঞ্জে প্রথম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা কর্মসূচি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং স্থানীয়রা একে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন।

সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে।

মৎস্য খাতের কর্মসূচির পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন। সেখানে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল ৪টার দিকে তিনি জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন।

স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার একটি পাইলট প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din