Facebook Twitter Instagram YouTube

শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে সাবেক সেনাসদস্যের বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ / ০
শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে সাবেক সেনাসদস্যের বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গিলাগাছা তালুকদার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক সাবেক সেনা সদস্যের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম মিঠু। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের প্রচণ্ড তীব্রতায় আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় গৃহস্থালির মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। পরিবারের সদস্যরা কোনো কিছু রক্ষা করতে পারেননি, পরনের কাপড় ছাড়া কিছুই বের করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় পাশের দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে, যা বড় ধরনের বিপর্যয় থেকে এলাকাটিকে রক্ষা করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও সাংবাদিক মো. নাইম তালুদার জানিয়েছেন, দীর্ঘদিনের সঞ্চয়ে গড়া বাড়ি ও মালামাল হারিয়ে তারা এখন দিশেহারা, আর এই ঘটনায় তাদের আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি ও ব্যক্তিগতভাবে সহায়তার আশ্বাস দেন। সংসদ সদস্য বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং এই কঠিন সময়ে তিনি ভুক্তভোগী পরিবারের পাশে আছেন। শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh