Facebook Twitter Instagram YouTube

সংক্রমণ প্রতিরোধে কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
সংক্রমণ প্রতিরোধে কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনারে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য কেবল অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলে চলবে না, বরং সংক্রমণ প্রতিরোধের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ মোকাবিলায় ধারাবাহিকভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন বিএমইউ’র মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার। এছাড়া সিংহেলথ-এর সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক লিং ময় লিন এবং সিংহেলথ-এর আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের পরিচালক বিজয়া রাও এই বিষয়ক উপস্থাপনায় অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin