Facebook Twitter Instagram YouTube

রংপুরে শিক্ষক ও তার পরিবার হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ /
রংপুরে শিক্ষক ও তার পরিবার হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়া হয়েছে। মামলার অধিকতর স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করার লক্ষ্যে পুলিশ প্রশাসন এই তদন্ত সংস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে মামলার পূর্বের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি সমস্ত নথিপত্র এবং তথ্য-উপাত্ত ডিবির নতুন তদন্ত কর্মকর্তা, মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিনাত আলীর নিকট হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন করে কাজ শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য যে, গত রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। ওই রাতেই গ্রেপ্তারকৃত দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে আদালতে হাজির করা হলে তারা নিজেদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আগের তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি জানান, আসামিরা স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাদের আদালতে পাঠানো হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din