Facebook Twitter Instagram YouTube

সংস্কারের পথে শাহরুখের মান্নাত, পরিবার থাকছেন পালি হিলের ডুপ্লেক্সে


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
সংস্কারের পথে শাহরুখের মান্নাত, পরিবার থাকছেন পালি হিলের ডুপ্লেক্সে

বলিউড বাদশাহ শাহরুখ খানের সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ বেশ কয়েক মাস ধরেই সংস্কারকাজ চলছে। এই কাজের কারণে বর্তমানে শাহরুখ খান তার পরিবার নিয়ে অন্যত্র থাকছেন। শাহরুখের বাড়ির এই সংস্কারকাজ এবং নতুন করে রূপান্তরের বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রযোজক আনন্দ পণ্ডিত।

আনন্দ পণ্ডিতের রিয়েল এস্টেট সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’ বর্তমানে শাহরুখের দুটি বিলাসবহুল সম্পত্তির কাজের দায়িত্বে রয়েছে। এর মধ্যে একটি হলো বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’। আনন্দ জানান, মান্নাতের পেছনের দিকে বেশ কয়েকটি তলা তৈরির কাজ চলছে।

সংস্কার চলাকালীন শাহরুখ ও তার পরিবার—স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খান—বান্দ্রার পালি হিল এলাকায় ‘পূজা কাসা’ নামক একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন। এই অ্যাপার্টমেন্টটি বর্ষীয়ান প্রযোজক বাসু ভগনানির মালিকানাধীন।

এর পাশাপাশি শাহরুখের আরও একটি সম্পত্তির পুনর্নির্মাণের কাজ করছেন আনন্দ পণ্ডিত। কার্টার রোডের ‘শ্রী অমৃত সোসাইটি’ নামের একটি বহুতল পুনর্নির্মাণের বিষয়ে আলোচনার সময় শাহরুখের সঙ্গে সেই বাড়িটির আবেগীয় সম্পর্কের বিষয়টি উঠে আসে। আনন্দ জানান, কাজ শুরুর আগে তিনি সেই বহুতলের সঙ্গে শাহরুখের আবেগের সম্পর্কের কথা জানতেন না, যদিও শাহরুখ আগে একবার বাড়ির নাম উল্লেখ না করেই সেটির কথা তাকে জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালের শুরুতে আনন্দ পণ্ডিত তার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন এবং প্রথম প্রজেক্ট থেকেই বলিউডের তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান। সেই সময়ে হৃতিক রোশন, রাকেশ রোশন ও অজয় দেবগনের মতো তারকারা তার প্রজেক্টে ফ্ল্যাট কিনেছিলেন। বর্তমানে বলিউডের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ তারকার কাজ তার সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি জানান।

বলিউডের ৮০-৯০ শতাংশ আমার সংস্থার সঙ্গে জড়িত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh